সিঙ্গাপুরে চিকিৎসাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমানের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দীর্ঘদিন ধরেই ফুসফুসের রোগে ভুগছেন।
আজ সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করেন অধ্যাপক মাহবুবুরের স্ত্রী আলেয়া ফেরদৌসী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধ্যাপক মাহবুব নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সে সময় তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তিন দিন পর লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় গত ২৩ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ফুসফুসের রোগে ভুগছেন তিনি।
ইত্তেফাক/কেকে