রাজনীতি | The Daily Ittefaq

কোনো দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় না: তোফায়েল

কোনো দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় না: তোফায়েল
অনলাইন ডেস্ক২২ অক্টোবর, ২০১৮ ইং ১৮:১০ মিঃ
কোনো দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় না: তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ- ফাইল ছবি
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কোন রাজনৈতিক দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।
 
সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
তোফায়েল বলেন, দেশের সংবিধান মোতাবেক আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে। এ সময় সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। কোনো দলকে বাদ দিয়ে আমরা নির্বাচন করতে চাই না।
 
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। ২০১৪ সালে জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে, নির্বাচন প্রতিহত করার নামে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে। অগ্নিসন্ত্রাস করে দেশব্যাপী মানুষ পুড়িয়ে হত্যা করেছে। নির্বাচন ঠেকাতে পারেনি। এটি তাদের সঠিক পথ ছিল না, এখন তা বুঝতে পেরেছে। সে নির্বাচনে অংশ না নেয়া ভুল সিদ্ধান্ত ছিল। বিএনপি আবারো সে ভুল করবে বলে আমার মনে হয় না।
 
এক প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্ব মেনে নিয়ে বিএনপি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। কামাল হোসেনের সক্ষমতা সম্পর্কে দেশবাসী জানেন। বিএনপি খুনিদের দল হিসেবে প্রমাণিত। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তা প্রমাণ হয়েছে। তাদের সঙ্গে হাত মিলিয়ে ড. কামাল হোসেন সফল হতে পারবেন না।
 
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশবাসী ব্যারিস্টার মইনুল হোসেনকে ঘৃনা করেন। তিনি রাজনৈতিকভাবে চরিত্রহীন। তিনি বঙ্গবন্ধুর খুনি মোস্তাক ও ফ্রিডম পার্টির সঙ্গে রাজনীতি করেছেন। শিবিরের কর্মীসমাবেশে তাদের কার্যকলাপের প্রশংসা করে বক্তৃতা করেছেন।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় ব্যবসায়ীক অংশীদার। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে এখন ৩০০ এর বেশি গ্রিন ফ্যাক্টরি রয়েছে। বিশ্বের এক নম্বর ডেমিন ফ্যাক্টরি এখন বাংলাদেশে।
 
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিক বলে বিশ্বাস করি। সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন সকলের প্রত্যাশা। দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে সকল রাজনৈতিক দল আন্তরিক হবেন বলে আশা করি।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তৈরি পোশাক শিল্পে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। বাংলাদেশের তৈরী পোশাক আমদানিকারক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এক নম্বরে। এ শিল্পের নিরাপদ কাজের পরিবেশ ও শ্রম অধিকারে অনেক উন্নতি হয়েছে।
 
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হকসহ সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/কেআই
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
১৮ অক্টোবর, ২০২১ ইং
ফজর৪:৪১
যোহর১১:৪৪
আসর৩:৫২
মাগরিব৫:৩৪
এশা৬:৪৫
সূর্যোদয় - ৫:৫৭সূর্যাস্ত - ০৫:২৯