আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে। তারা ২০১৪ সালের মত জ্বালাও-পোড়াও করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।
তিনি বলেন, গণতান্ত্রিক অধিকারের নামে বিএনপি-জামায়াত ২০১৪ সালের মতো জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। জ্বালাও-পোড়াও করা গণতান্ত্রিক অধিকার হতে পারে না।
মোহাম্মদ নাসিম আজ সোমবার শ্যামলী ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের আইসিইউ, এইচডিইউ ও অপারেশান থিয়েটারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আবু রায়হান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন বানচাল করার জন্য চক্রান্তকারীরা চক্রান্ত শুরু করেছে। কিন্তু এ দেশের শান্তিপ্রিয় মানুষ দেশের উন্নয়ন ধ্বংসকারী যে কোনো অশুভ শক্তিকে ভোটের মাঠে প্রতিহত করবে।
ইত্তেফাক/কেকে