নির্বাচনকালীন সরকার শুক্রবার গঠন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নতুন কাউকে মন্ত্রীসভায় নিয়োগ দেওয়া হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, না, নতুন কাউকে আনা হবে না। তিনি বলেন, চারজন টেকনোক্রাট মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ না হওয়া পর্যন্ত তাদের মন্ত্রিত্ব থাকবে। তাদের পদত্যাগ পত্র গ্রহণের পর এ চার মন্ত্রণালয়ে বর্তমান মন্ত্রীদের বাড়তি দায়িত্ব হিসেবে দেওয়া হবে।
মন্ত্রী সভায় নতুন মুখের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আরো বলেন, আমি মোটামুটি নিশ্চিত। কারণ, সরকারটা তো কোয়ালিশন সরকার। এমন কোনো সদস্য নেই যাকে দেওয়ার দরকার আছে। সুতরাং আমার মনে হয় না কোনো এডিশন হবে।
সংলাপ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আলোচনা শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার হবে বলেও ধারণা দেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন কি না এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, না না। আমি তো দাঁড়াবো না। এটা আমার সিদ্ধান্ত। আমি নমিনেশন পেপার সাবমিট করবো। ডামি কিছু সাবমিট করতে হয়। যদি আমার ক্যান্ডিডেট যে হবে সে মিস করে যায় তাহলে আমাকে দাঁড়াতে হবে এরকম ধরণের। এটা রুটিন ব্যাপার। কেন নির্বাচনে দাঁড়াবেন না- সেই প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আমি অবসর নিতে চাই, আমার মনে হয় আমার অবসর নেওয়া উচিত।
ইত্তেফাক/এমআই