জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক জাতীয় সংসদের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ হতে নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বানের ঘোষণা দিয়েছেন। জাতীয় পার্টি-জেপি’র মনোনয়নের জন্য আবেদনপত্র পাঁচশ টাকার বিনিময়ে আগামীকাল শনিবার হতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাওয়া যাবে।
উক্ত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে আগামী ১৫ নভেম্বর বৃহস্পতিবারের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফেরতযোগ্য ১০ হাজার টাকাসহ জমা দিতে হবে। বৃহস্পতিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় পার্টি-জেপি’র পার্লামেন্টারি বোর্ড গঠন
জাতীয় পার্টি-জেপি’র পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে। দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বোর্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বোর্ডের সদস্য সচিব। বোর্ডের সদস্যবৃন্দ হলেন-দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহিম, শাহ মো. রফিকুল বারী চৌধুরী, এ.এইচ.এম সালাহ উদ্দিন মাহমুদ, মফিজুল হক বেবু, আবু সাঈদ খান, এজাজ আহমেদ মুক্তা ও মো. রুহুল আমিন এবং নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী। এই পার্লামেন্টারি বোর্ড আবেদনকারীদের সাক্ষাত্কার গ্রহণ ও মনোনয়ন চূড়ান্ত করবে।
ইত্তেফাক/ইউবি